প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনায় হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে ওই তথ্য জানিয়েছে। তবে নিহতদের মধ্যে বাংলাদেশি কোনও প্রবাসী আছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক মিলিয়ে মোট ২৩টি যানবাহন একসঙ্গে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জরুরি ও বিশেষজ্ঞ দলগুলোর মাঠপর্যায়ের অভিযান শুরু করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একটি ট্রাকে থাকা চালক রাস্তায় চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ধীরগতির কারণে রাস্তায় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর গিয়ে ওই ট্রাকটি পড়ে।’’
‘‘এতে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। যে কারণে সেখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।’’
দেশটির এই মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার পেছনের পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ একসঙ্গে কাজ শুরু করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তথ্য যাচাই করার পর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।